আমারে একটু মনে রাইখো — স্মৃতি, বিরহ, বেদনা ও না-পাওয়া ভালোবাসার অনুভূতিতে গাঁথা এক হৃদয়স্পর্শী কাব্যগ্রন্থ। ভুলে যাওয়ার এই সময়ে কিছু মানুষ অতীতের স্বপ্ন, স্মৃতি আর ভালোবাসার পথ আঁকড়ে ধরে বেঁচে থাকে। তাদের বুকের গভীরে জমে থাকে অসংখ্য না-বলা কথা, হারিয়ে যাওয়া মুহূর্ত আর প্রিয় মানুষের স্মৃতি।
কবির ভাষায়, এই বই বেদনা শব্দে গাঁথা এক নকশিকাঁথা। যার প্রতিটি ফোঁড়ে লুকিয়ে আছে হৃদয়ের আর্তনাদ, বুকভরা না-পাওয়া ভালোবাসা ও কাউকে মনে রাখার আকুলতা। প্রিয় মানুষটি সুখে থাকুক, ভালো থাকুক—শুধু কখনো যদি মনে পড়ে, সেই খবরটুকুতেই যেন মিশে থাকে এক অদ্ভুত তৃপ্তি।
আমারে একটু মনে রাইখো কবি মোঃ মেহেদী হাসানের দ্বিতীয় কাব্যগ্রন্থ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ সুতো ছেঁড়া ঘুড়ি প্রকাশিত হয়েছিল অমর একুশে বইমেলা ২০২১-এ। দীর্ঘ বিরতির পর নতুন এই কাব্যগ্রন্থে তিনি তুলে ধরেছেন স্মৃতি, ভালোবাসা, বিচ্ছেদ ও জীবনের গভীর অনুভূতির কাব্যিক প্রকাশ।
যাঁরা আবেগঘন কবিতা, বিরহ ও স্মৃতিময় ভালোবাসার কবিতা পড়তে ভালোবাসেন, তাঁদের জন্য বইটি হতে পারে হৃদয়ের খুব কাছের এক সঙ্গী।