বাঘ ও কুমির উভয়েই প্রচণ্ড ক্ষুধার্ত। বাঘের ভয়ে পালিয়ে বেড়ায় বনের পশুপাখি, কুমিরের ভয়ে পালিয়ে বেড়ায় নদীর মাছেরা। বনের মধ্যে কোনো শিকার না পেয়ে নদী ও সাগরের মোহনায় এসেছে বাঘটি। একইভাবে নদীতে কোনো শিকার না পেয়ে একই স্থানে এসেছে কুমিরটি। কিন্তু এখানেও কোনো শিকার খুঁজে পাচ্ছে না তারা। অবশেষে পেটের তাড়নায় একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় জল ও স্থলের দুই দানবের যুদ্ধ। যুদ্ধ দেখতে হাজির হয় নদী ও বনের প্রাণীরা। যে শিকারের জন্য দুজন চারদিকে খুঁজছিল সেই শিকার এখন তাদের ঘিরে ধরে আছে। একদিকে জল ও স্থলের তাজা তাজা শিকার, অপরদিকে দুজনই দুজনকে কুপোকাত করতে মরিয়া। এখন কী করবে বাঘ ও কুমির? যুদ্ধ চালিয়ে যাবে? নাকি লড়াই দেখতে আসা প্রাণীদের ধরে পেটের জ্বালা মেটাবে?