‘একুশে-উনিশে’ এই সময়ের গুরুত্বপূর্ণ কবি ও শিশু সাহিত্যিক আভা সরকার মন্ডল-এর একটি বিশেষ কাব্যগ্রন্থ। দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয় এই কবির নিজস্ব চিন্তা, আবেগ, অনুভূতি এবং ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর দায়বদ্ধতার প্রকাশ ঘটেছে বইটির প্রতিটি লেখায়।
একুশে ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং উনিশে মে—শিলচর ভাষা-শহিদ দিবসকে স্মরণে রেখে দুই বাংলার ভাষা শহিদদের প্রতি উৎসর্গ করা হয়েছে এই গ্রন্থ। বইটিতে রয়েছে ৪৬টি পদ্য ও ৩২টি গদ্য কবিতা। কবিতাগুলোতে ভাষা, শহিদদের আত্মত্যাগ, মাতৃভাষার প্রতি ভালোবাসা, স্মৃতি, আবেগ ও মানুষের অনুভূতির নানা দিক উঠে এসেছে।
গ্রন্থটিতে কবিতার পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার ‘ধ্রুপদী’ ভাষার মর্যাদা অর্জনের পূর্ববর্তী লড়াইকে স্মরণ করে লেখা একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। ফলে পদ্য, গদ্য কবিতা ও প্রবন্ধের সমন্বয়ে ‘একুশে-উনিশে’ হয়ে উঠেছে ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও অনুভূতির একটি বৈচিত্র্যময় সংকলন।
আভা সরকার মন্ডলের হৃদয়ের গভীর থেকে উঠে আসা উপলব্ধি ও অনুভূতির সঙ্গে পাঠকও যেন নিজের আবেগকে মিলিয়ে নিতে পারেন—এই প্রত্যাশাতেই সাজানো হয়েছে বইটি। ভাষাপ্রেমী, কবিতাপ্রেমী এবং দুই বাংলার ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনায় আগ্রহী পাঠকদের জন্য বইটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।