বাংলার ইতিহাসচর্চার জগতে অক্ষয়কুমার মৈত্রেয় এক অনন্য ও স্মরণীয় নাম। ইতিহাসবিদ, গবেষক ও জাতীয়তাবাদী চিন্তাবিদ হিসেবে তিনি বাংলা তথা ভারতীয় উপমহাদেশের ইতিহাস অনুসন্ধান ও চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সিরাজউদ্দৌলার ইতিহাস পুনর্মূল্যায়ন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা এবং পাহাড়পুরের সোমপুর মহাবিহার খননের উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে তাঁর অমর কীর্তি।
বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাংলার অতীত ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে তাঁর রচিত ‘গৌড়রাজমালা’ এক ঐতিহাসিক মাইলফলক। উনিশ শতকের শেষভাগ থেকে বিংশ শতকের প্রথম তিন দশক পর্যন্ত তাঁর গবেষণা ও ইতিহাসচর্চা বাংলার জাতীয়তাবাদী চিন্তা এবং ঐতিহাসিক অনুসন্ধানকে নতুন দিশা দিয়েছিল।
‘অক্ষয়কুমার মৈত্রেয়: বাংলার ইতিহাসচর্চার পথিকৃৎ’ গ্রন্থে লেখক মো. সফিকুল ইসলাম অক্ষয়কুমারের জীবন, কর্ম, গবেষণা, ইতিহাস-সাধনা এবং বাংলার ইতিহাসচর্চায় তাঁর বহুমাত্রিক অবদান তুলে ধরেছেন। ষোলোটি অধ্যায় ও পরিশিষ্টে সাজানো এই গ্রন্থে পাঠক জানতে পারবেন একজন নিবেদিতপ্রাণ ইতিহাসসাধকের চিন্তা, সংগ্রাম ও কীর্তির কথা।
বাংলার ইতিহাস, প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক গবেষণা এবং জাতীয়তাবাদী ইতিহাসচর্চা সম্পর্কে আগ্রহী পাঠকদের জন্য বইটি একটি গুরুত্বপূর্ণ পাঠ।