রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। তাঁর মর্যাদা, আনুষ্ঠানিক দায়িত্ব, প্রাসাদসম বাসভবন, নিরাপত্তাব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রটোকল অনেক সময় রাজা কিংবা ঔপনিবেশিক গভর্নরের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এই জাঁকজমকপূর্ণ অবস্থানের আড়ালে রাষ্ট্রপতির প্রকৃত ক্ষমতা, দায়িত্ব ও প্রভাব কতটুকু? বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রপতি কি কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান, নাকি তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ভূমিকা?
‘বাংলাদেশের রাষ্ট্রপতি: সংবিধান, প্রথা, বাস্তবতা’ গ্রন্থে লেখক কে এম মহিউদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি পদের সাংবিধানিক অবস্থান, ঐতিহাসিক রূপান্তর, কার্যকারিতা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা বিশ্লেষণ করেছেন। সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব কীভাবে নির্ধারিত হয়েছে, রাজনৈতিক বাস্তবতায় সেই ক্ষমতার প্রয়োগ কতটা কার্যকর এবং প্রচলিত সাংবিধানিক প্রথা রাষ্ট্রপতি পদের ভূমিকা কীভাবে প্রভাবিত করে—এসব বিষয় উঠে এসেছে আলোচনায়।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদের প্রকৃত অবস্থান বুঝতে বইটি পাঠককে নতুনভাবে ভাবতে সহায়তা করবে।
রাষ্ট্রবিজ্ঞান, আইন, সংবিধান ও বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আগ্রহী শিক্ষার্থী, গবেষক এবং সচেতন পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ।