বারুদমাখা কথামালা শহীদ শরিফ ওসমান হাদির নির্বাচিত বক্তব্য ও বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ সংকলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে তাঁর বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য বক্তব্য লিপিবদ্ধ করে গ্রন্থাকারে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সংকলনটিতে ওসমান হাদির ৪৪টি বক্তব্য স্থান পেয়েছে।
বইটিতে সমকালীন বাংলাদেশ, জুলাই-পরবর্তী সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতা, সাংস্কৃতিক আধিপত্য, জাতীয় পরিচয়, সমাজ ও রাষ্ট্র নিয়ে ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও অবস্থানের প্রতিফলন পাওয়া যায়। বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক বয়ান নির্মাণ, প্রান্তিক ও উপেক্ষিত জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসা এবং প্রচলিত সাংস্কৃতিক-রাজনৈতিক আধিপত্যের বিভিন্ন প্রসঙ্গ তাঁর বক্তব্যে উঠে এসেছে।
বারুদমাখা কথামালা শুধু বক্তৃতার লিখিত সংকলন নয়; এটি ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও সাংস্কৃতিক দর্শন সংরক্ষণের একটি প্রয়াস। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর বক্তব্য ও চিন্তার বিভিন্ন দিক পৌঁছে দেওয়াই এই সংকলনের অন্যতম উদ্দেশ্য।
বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রতিটি বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওর QR Code সংযুক্ত করা হয়েছে। ফলে পাঠক বক্তব্য পড়ার পাশাপাশি QR Code স্ক্যান করে সংশ্লিষ্ট ভিডিও দেখার সুযোগ পাবেন। এতে লিখিত বক্তব্যের সঙ্গে বক্তার কণ্ঠ, উপস্থাপনা ও বক্তব্য প্রদানের মুহূর্তের সরাসরি সংযোগ তৈরি হয়েছে।
বক্তৃতাগুলো অনুলিখনের ক্ষেত্রে বক্তার মূল কথ্যরূপ, ভাষাভঙ্গি ও বক্তব্যের মর্ম যথাসম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সামান্য সম্পাদনা করা হলেও বক্তব্যের মূল ভাব সংরক্ষণ করা হয়েছে।