শিশুর সুস্থ বিকাশের জন্য শারীরিক বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন মানসিক পরিপক্বতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিশুদের ছোটবেলা থেকেই ন্যায়-অন্যায়, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং সঠিক আচরণ সম্পর্কে ধারণা অর্জন করা জরুরি। ‘ছোটদের নৈতিক শিক্ষা’ বইটিতে এসব গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে।
লেখক মো. নূরুজ্জামান দর্শনের অধ্যাপক হলেও বইটিতে তিনি প্রাতিষ্ঠানিক দর্শনের জটিল তত্ত্বের পরিবর্তে সাধারণ পাঠকের বোধগম্য ভাষায় নৈতিকতা ও মূল্যবোধের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। শিশুদের নৈতিক শিক্ষা কীভাবে গড়ে ওঠে, পারিবারিক ও সামাজিক পরিবেশ কীভাবে তাদের আচরণকে প্রভাবিত করে এবং ন্যায়-অন্যায় সম্পর্কে সঠিক ধারণা অর্জনে কী ধরনের জ্ঞান প্রয়োজন—এসব প্রশ্ন বইটির আলোচনায় গুরুত্ব পেয়েছে।
নৈতিক শিক্ষা কেবল শিশুদের জন্যই নয়; অভিভাবক, শিক্ষক এবং বয়োজ্যেষ্ঠদের জন্যও গুরুত্বপূর্ণ। শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে বড়দের ভূমিকা, পারস্পরিক সম্পর্কের বোঝাপড়া এবং মানবিক আচরণের গুরুত্ব সম্পর্কে বইটি পাঠককে ভাবতে সাহায্য করে।
‘ছোটদের নৈতিক শিক্ষা’ শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে আগ্রহী অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং দর্শন ও মূল্যবোধ নিয়ে জানতে আগ্রহী পাঠকদের জন্য একটি চিন্তাশীল গ্রন্থ। ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রে সুস্থ সম্পর্ক এবং দায়িত্বশীল আচরণের ভিত্তি গড়ে তুলতে বইটি সহায়ক হতে পারে।