বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে এগ্রো ট্যুরিজম। কৃষির সঙ্গে পর্যটনের সমন্বয়ে কীভাবে গ্রামকে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে পরিণত করা যায়, কীভাবে গড়ে তোলা যায় টেকসই ব্যবসা এবং কীভাবে গ্রামীণ উদ্যোগকে ছড়িয়ে দেওয়া যায় দেশজুড়ে—এসব বিষয় নিয়ে লেখা হয়েছে ‘এগ্রো টুরিজম : গ্রামই গন্তব্য’ বইটি।
লেখক জোবায়ের ইসলাম তাসদীখ হাবীবের এই বইকে বাংলাদেশে এগ্রো ট্যুরিজম নিয়ে প্রথম পূর্ণাঙ্গ বই হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে বইটি শুধু সাফল্যের গল্প বা অনুপ্রেরণার কথা বলে না; এতে রয়েছে বাস্তব চ্যালেঞ্জ, ব্যর্থতা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা। পাঠককে ভুল ধারণা না দিয়ে এগ্রো ট্যুরিজমের বাস্তব চিত্র তুলে ধরাই বইটির অন্যতম উদ্দেশ্য।
বইটিতে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে এগ্রো ট্যুরিজম কী, কেন এই খাতে উদ্যোগ নেওয়ার উপযুক্ত সময় এখন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে কী শেখা যায় এবং কীভাবে একেবারে শূন্য থেকে এ ধরনের উদ্যোগ শুরু করা সম্ভব। পাশাপাশি রয়েছে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক মডেল তৈরি, অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা গড়ে তোলা এবং গ্রামীণ উদ্যোগকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার ব্যবহারিক দিকনির্দেশনা।
প্রতিটি অধ্যায়ে বাস্তব গল্প, তথ্য, সংখ্যা ও কাজে লাগানোর মতো পরামর্শ যুক্ত করা হয়েছে। সুখের খামারের অভিজ্ঞতা থেকে উঠে আসা গল্পের মাধ্যমে বইটি পাঠককে শুধু স্বপ্ন দেখতে নয়, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতেও সহায়তা করবে।
আপনি যদি কৃষিভিত্তিক নতুন উদ্যোগ, গ্রামীণ পর্যটন কিংবা টেকসই কৃষি উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা খুঁজে থাকেন, তাহলে ‘এগ্রো টুরিজম : গ্রামই গন্তব্য’ হতে পারে আপনার জন্য একটি কার্যকর দিকনির্দেশনামূলক বই।