প্যারিসের রু মর্গে ঘটে যায় এক ভয়াবহ ও রহস্যময় হত্যাকাণ্ড। একই ঘরে নৃশংসভাবে খুন হন এক মা ও তাঁর মেয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং জানালাগুলোও ছিল কার্যত সুরক্ষিত। তাহলে হত্যাকারী কীভাবে ঘরে প্রবেশ করল এবং কীভাবেই বা পালিয়ে গেল?
ঘটনাস্থলে পাওয়া যায় বেশ কিছু অদ্ভুত আলামত। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়ও রয়েছে অসংগতি। কেউ শুনেছে অদ্ভুত কণ্ঠস্বর, কেউ আবার বুঝতেই পারেনি সেটি কোন ভাষা। পুলিশের তদন্ত যখন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়, তখন রহস্যের জট খুলতে এগিয়ে আসেন অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও বিশ্লেষণী বুদ্ধির অধিকারী সি. অগুস্ত দ্যুপাঁ।
যুক্তি, পর্যবেক্ষণ এবং সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে দ্যুপাঁ শুরু করেন প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা। একের পর এক রহস্যময় সূত্র মিলিয়ে তিনি এমন এক সত্যের সন্ধান পান, যা কল্পনারও বাইরে।
বিশ্ববিখ্যাত লেখক এডগার অ্যালান পো রচিত ‘দ্য মার্ডারস ইন দ্য রু মর্গ’ রহস্য ও গোয়েন্দা সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি। বুদ্ধির খেলা, অপ্রত্যাশিত রহস্য এবং চমকপ্রদ সমাধানে ভরপুর এই গল্পটি গোয়েন্দা কাহিনিপ্রেমীদের জন্য অবশ্যপাঠ্য।