উর্দু সাহিত্য যেন এক সোনালি স্রোতধারা, যেখানে একবার ডুব দিলে তার সৌন্দর্য ও মুগ্ধতা থেকে আর ফিরে আসতে ইচ্ছে করে না। গজল, শের-শায়েরি ও সুফি ভাবধারার অপূর্ব জগতে পাঠককে আমন্ত্রণ জানায় 'মেহফিল এ ওয়াসিক'।
লেখক জাহিদ হাসান ওয়াসিকের এই বইটি সাজানো হয়েছে উনিশ শতকের এক জাঁকজমকপূর্ণ মুশায়রার আদলে। একজন নাজিম বা উপস্থাপকের স্বাগত বক্তব্য, শায়েরদের পরিচিতি, কবিতা পাঠ, চা-বিরতি ও বিদায়পর্ব— সব মিলিয়ে বইটি পাঠকের সামনে তুলে ধরে একটি জীবন্ত কাব্যিক মেহফিলের আবহ।
বইটিতে উর্দু ভাষার উদ্ভবের ইতিহাস, শের-শায়েরির গঠনরীতি, মুশায়রা এবং উর্দু কাব্যসাহিত্যের বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি মীর তকি মীর, মির্জা গালিব, আকবর এলাহাবাদি, আহমেদ ফারাজ, জউন এলিয়া ও বশির বদরসহ ২৫-এর অধিক খ্যাতনামা শায়ারের নির্বাচিত শের-শায়েরি ও তার বাংলা ভাবানুবাদ স্থান পেয়েছে।
যারা গজল, কবিতা, সুফি ভাবধারা এবং উর্দু সাহিত্যের সৌন্দর্য ভালোবাসেন, তাঁদের জন্য 'মেহফিল এ ওয়াসিক' হতে পারে এক অনন্য সাহিত্যিক অভিজ্ঞতা। এটি শুধু কবিতার সংকলন নয়, বরং উর্দু শের-শায়েরির ঐতিহ্য ও সৌন্দর্যের সঙ্গে পরিচিত হওয়ার এক আন্তরিক আয়োজন।