ঢাকা শহরের ইতিহাস মানেই শুধু পরিচিত স্থাপনা, শাসক কিংবা রাজনৈতিক ঘটনাবলি নয়; এর অলিগলিতে ছড়িয়ে আছে অসংখ্য বিস্মৃত কাহিনি, বিচিত্র ঘটনা এবং সময়ের আড়ালে হারিয়ে যাওয়া মানুষের গল্প। ইতিহাস গবেষক তারেক আজিজের ‘অতীত ঢাকার আরও ইতিহাস: জাদুঘর থেকে জাদুকর’ বইটি পাঠককে পরিচয় করিয়ে দেয় সেই কৌতূহলোদ্দীপক অতীতের সঙ্গে।
১৭৯৯ সালে ঢাকায় আগত এক বিলেতি চিত্রকরের সফর, নারিন্দা কবরস্থানে সমাহিত এক তরুণ ইংরেজের জীবনকাহিনি কিংবা ঢাকার পিলখানার হাতির সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর ঘটনা—বইটিতে উঠে এসেছে পুরোনো ঢাকার এমন সব বিস্ময়কর অধ্যায়। পাশাপাশি রয়েছে সিপাহি বিদ্রোহের উত্তাল সময়ে গড়ে ওঠা ঢাকার প্রথম জাদুঘরের ইতিহাস, শহরের ভয়াবহ অগ্নিকাণ্ড, পাটুয়াটুলির এক ধাত্রীর মানবিক বীরত্ব এবং দেশি-বিদেশি জাদুকরদের বিচিত্র কীর্তির বিবরণ।
বলধার জমিদার নরেন্দ্রনারায়ণের বাগানে দুর্লভ নীলপদ্ম ফোটানোর উদ্যোগ এবং ঢাকার ঐতিহ্যবাহী সিনেমাহল ‘ব্রিটানিয়া’ ও ‘লায়ন’-এর বর্ণাঢ্য অতীতও বইটির আলোচনায় বিশেষ কৌতূহল তৈরি করে।
অতীত ঢাকার এমনই এক ডজন অজানা ও বিস্মৃত আখ্যানের সমাহার এই বই। তথ্যনির্ভর ইতিহাসের সঙ্গে কৌতূহলোদ্দীপক গল্প বলার ভঙ্গি পাঠককে নিয়ে যাবে পুরোনো ঢাকার এক ভিন্ন জগতে। ঢাকা শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া স্থাপনা ও মানুষের জীবনকথা জানতে আগ্রহী পাঠক, গবেষক এবং ইতিহাসপ্রেমীদের জন্য বইটি হতে পারে একটি আকর্ষণীয় পাঠ।