নদী শুধু জলপ্রবাহ নয়, নদী মানুষের জীবন, ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে নদীর ভূমিকা অপরিসীম। ধর্মদর্শন, সাহিত্য, সংগীত ও শিল্পকলায়ও নদীর উপস্থিতি অনিবার্য। বঙ্গদেশে নদী কখনো জীবনদাত্রী, কখনো ভাগ্যবিধাতা, আবার কখনো মানবজীবনের নানা ঘটনার নিয়ন্ত্রক।
বাংলা ভাষায় নদী নিয়ে অসংখ্য সাহিত্যকর্ম ও অভিধান রচিত হলেও **‘পৌরাণিক নদী অভিধান’** গ্রন্থটি বিষয়বৈচিত্র্যে স্বতন্ত্র। পুরাণবিদ **জ্যোতির্ময় সেন** এই অভিধানে বৈদিক কাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাত শতাধিক জীবিত ও মৃত নদীর পরিচয় তুলে ধরেছেন।
শুধু নদীর নাম ও পরিচিতিই নয়, বিভিন্ন নদীকে ঘিরে মুনি-ঋষিদের শ্লোক, পৌরাণিক কাহিনি ও গল্পবৃত্তান্তও স্থান পেয়েছে এতে। ফলে পাঠক জানতে পারবেন প্রাচীন ভারতীয় পুরাণ, ইতিহাস ও ধর্মীয় সাহিত্যে নদীর অবস্থান এবং সময়ের প্রবাহে নদীগুলোর পরিচয় ও গুরুত্ব।
দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমে নির্মিত **‘পৌরাণিক নদী অভিধান’** দক্ষিণ এশিয়ার নদী, পুরাণ, ইতিহাস, ভূগোল ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী পাঠক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান তথ্যসমৃদ্ধ গ্রন্থ।