মানুষের মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার সঙ্গে প্রকৃতির রয়েছে গভীর সম্পর্ক। কিন্তু অসীম চাহিদা, প্রকৃতিবিরোধী জীবনযাপন এবং পরিবেশের ভারসাম্যহীনতার কারণে মানবস্বাস্থ্য ও প্রকৃতির স্বাভাবিক শৃঙ্খলা আজ নানা সংকটের মুখে। এই পরিস্থিতিতে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রয়োজন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনব্যবস্থা এবং সবার সম্মিলিত কল্যাণের উদ্যোগ।
প্রাকৃতিক কৃষি হতে পারে সেই পথের একটি কার্যকর দিশা। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের পাশাপাশি এটি সংরক্ষণ করতে পারে ফসলের বীজ, কৃষিজ্ঞান, খাদ্যবৈচিত্র্য ও প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য।
‘প্রাকৃতিক কৃষির দর্শন’ বইটিতে লেখক সুভাষ পালেকার মহারাষ্ট্রে তাঁর প্রাকৃতিক কৃষিকাজের অভিজ্ঞতা ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, কীভাবে প্রকৃতির নিয়ম মেনে কৃষিকাজ মানুষের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে এবং কোথায় মানুষের কর্মকাণ্ড প্রাকৃতিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে।
প্রকৃতি, কৃষি ও মানবজীবনের পারস্পরিক সম্পর্ক নতুনভাবে উপলব্ধি করতে বইটি পাঠককে ভাবনার খোরাক জোগাবে। প্রাকৃতিক কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষিব্যবস্থা ও পরিবেশবান্ধব জীবনধারায় আগ্রহী কৃষক, শিক্ষার্থী, গবেষক এবং সচেতন পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বই।