মানুষের প্রকৃত মুক্তি কোথায়? সমাজ ও রাষ্ট্রের কোন কাঠামো মানুষকে বৈষম্য, শোষণ ও বঞ্চনার অন্ধকারে আটকে রাখে? পুঁজিবাদ কি সত্যিই মানুষের সামগ্রিক মুক্তি নিশ্চিত করতে পারে? নাকি এর অন্তরালেই লুকিয়ে থাকে শোষণ ও ক্ষমতার অসম বণ্টন? পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও একজন প্রেসিডেন্ট’ বইয়ে লেখক মফিজুর রহমান রুন্নু একগুচ্ছ প্রবন্ধ ও বিশ্লেষণধর্মী রচনার মধ্য দিয়ে তুলে ধরেছেন সমকালীন বিশ্বব্যবস্থার নানা সংকট ও দ্বন্দ্ব। পুঁজিবাদী অর্থব্যবস্থা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, যুদ্ধ, হত্যা এবং নিপীড়িত মানুষের প্রতিরোধ ও সংগ্রামের নানা দিক উঠে এসেছে তাঁর আলোচনায় বইটিতে শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার কাঠামো নয়, বরং মানবিক সংস্কৃতি এবং উদার ধর্মীয় মূল্যবোধ মানুষের জীবন ও সমাজে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিয়েও রয়েছে চিন্তাশীল আলোচনা। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতির প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে উৎসাহিত করে এই বই। বৈষম্য, শোষণ, সাম্রাজ্যবাদ এবং মানুষের মুক্তির প্রশ্নে আগ্রহী পাঠকদের জন্য এটি হতে পারে চিন্তার খোরাক জোগানো একটি গুরুত্বপূর্ণ পাঠ।