রোবটের যুগে মোশতাক আহমেদের কিশোরদের জন্য রোমাঞ্চকর একটি সায়েন্স ফিকশন উপন্যাস। সিমিউলেশন মেশিনের মাধ্যমে ইফিন, নিমি ও টম শুরু করে তাদের প্রথম অভিযান। এই অভিযানে তাদের সঙ্গে যোগ দেয় ভার্চুয়াল জগতের রাজপুত্র জিয়ান। তাদের লক্ষ্য একটাই—ভয়ংকর রাক্ষস গিউমাসকে পরাজিত করে রাজকন্যা নিহিনাকে উদ্ধার করা।
কিন্তু ভার্চুয়াল জগতের এই অভিযান মোটেও সহজ নয়। গিউমাসের পাহারায় থাকা বিশাল সাপ সিপিলিন শুরুতেই আক্রমণ করে বসে অভিযাত্রীদের। কোনোভাবে নিজেদের রক্ষা করলেও গিউমাসের কাছে পৌঁছানো তাদের জন্য হয়ে ওঠে কঠিন চ্যালেঞ্জ। এর মধ্যেই গিউমাস জেনে যায়, তারা দ্বীপে উপস্থিত হয়েছে। ক্ষিপ্ত গিউমাস তাদের তাড়া করতে শুরু করলে সবাই আটকা পড়ে পাহাড়ের নিচের এক সুড়ঙ্গে।
একদিকে ভয়ংকর রাক্ষস গিউমাস, অন্যদিকে বিশাল পাথরে বন্ধ হয়ে যাওয়া পথ—মুক্তির কোনো উপায় নেই। বাধ্য হয়ে ইফিন জাদুর তরবারি দিয়ে গিউমাসকে আক্রমণ করে। কিন্তু ভয়ংকর এক রহস্য তখন সামনে আসে—আঘাতে গিউমাসের শরীর ক্ষতবিক্ষত হলেও কিছুক্ষণের মধ্যেই সেই ক্ষত সেরে যায়। তাকে পরাজিত করতে প্রয়োজন একটি বিশেষ ছুরি, যা পাহারা দেয় সাপ সিপিলিন।
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গিউমাস ছুটে আসছে তাদের দিকে। মৃত্যু যেন হাতছানি দিচ্ছে। শেষ পর্যন্ত কি ইফিন, নিমি, টম ও জিয়ান গিউমাসকে পরাজিত করে রাজকন্যা নিহিনাকে উদ্ধার করতে পারবে? নাকি ভার্চুয়াল জগতের এই ভয়ংকর অভিযানের পরিণতি হবে করুণ?
‘রোবটের যুগে’ কিশোর পাঠকদের জন্য প্রযুক্তি, সিমিউলেশন, ভার্চুয়াল জগত, রহস্য, বিপদ ও রোমাঞ্চে ভরা এক দারুণ অভিযান।