প্রতিদিনের চেনা শহর কখনো কখনো মনে হয় অচেনা, কখনো মনে হয় এই শহর যেন নিজের নয়। মানুষ কেউ শহর ছেড়ে চলে যায়, আবার কেউ থেকে যায় নিজের কাছেই আগন্তুক হয়ে। অজানা আবেগের টানে, মনের অদৃশ্য নিয়ন্ত্রণে কিংবা মিথ্যা জেনেও কোনো কিছুর পেছনে ছুটতে ছুটতে হারিয়ে ফেলে নিজেকে।
সৈয়দ জাকির হোসেনের ‘সভ্যতার অন্তরালে’ বইটি সাতটি গল্পের সংকলন। শহুরে মানুষের অজানা আবেগ, অনুভূতি, মানসিক টানাপোড়েন এবং জীবনের জটিল বাস্তবতা উঠে এসেছে গল্পগুলোর পরতে পরতে। মানুষ কেন এমন অনুভূতির কাছে নিজেকে সমর্পণ করে? কোন অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করে তার সিদ্ধান্ত ও আকাঙ্ক্ষাকে? এসব প্রশ্নের অনুসন্ধানই বইটির গল্পগুলোকে দিয়েছে ভিন্ন মাত্রা।
চেনা জীবনের আড়ালে লুকিয়ে থাকা অচেনা মনোজগৎ ও মানবিক অনুভূতির গল্প পড়তে আগ্রহী পাঠকদের জন্য ‘সভ্যতার অন্তরালে’ একটি চিন্তাশীল গল্পগ্রন্থ।