আলোর ঝলকানি, ক্যামেরার ফ্ল্যাশ আর দর্শকদের করতালির আড়ালে তারকাদের জীবন কেমন? পর্দায় দেখা নিখুঁত অভিনয় কিংবা হৃদয় ছুঁয়ে যাওয়া গানের পেছনে লুকিয়ে থাকে কত অজানা গল্প, আবেগ, পরিশ্রম আর ত্যাগ!
‘তারকাদের অন্তরালের গল্প’ পান্থ আফজালের এমন একটি বই, যেখানে উঠে এসেছে জনপ্রিয় তারকাদের নেপথ্য জীবনের নানা চমকপ্রদ, মজার ও রোমহর্ষক অভিজ্ঞতা। একটি কালজয়ী গান কীভাবে জন্ম নেয়, কোন অনুভূতি বা অনুপ্রেরণা শিল্পীকে সৃষ্টির পথে এগিয়ে দেয়, কিংবা গীতিকার ও সুরকারদের জীবনে লুকিয়ে থাকে কোন না-বলা কথা—এসব কৌতূহলোদ্দীপক বিষয় বইটিকে করেছে আকর্ষণীয়।
সিনেমার শুটিং সেটের হাস্যরসাত্মক ঘটনা, কঠিন দৃশ্য ধারণের সময় শিল্পীদের মানসিক টানাপোড়েন, শুটিংয়ের অপ্রত্যাশিত বিপত্তি এবং কালজয়ী চলচ্চিত্রের পেছনের রোমাঞ্চকর অভিজ্ঞতাও এখানে স্থান পেয়েছে। পাশাপাশি তারকাদের শৈশবের স্মৃতি, ব্যক্তিগত জীবনের আনন্দ-বেদনা, বন্ধুত্ব, অহংবোধ ও পেশাদারিত্বের নানা দিক পাঠকের সামনে উন্মোচিত হয়েছে।
‘তারকাদের অন্তরালের গল্প’ শুধু বিনোদনজগতের অজানা ঘটনা জানার বই নয়; এটি শিল্পীদের পরিশ্রম, আবেগ, সংগ্রাম এবং পর্দার বাইরের মানুষটিকে চেনার এক ভিন্ন জানালা। গান, সিনেমা ও তারকাদের জীবন সম্পর্কে কৌতূহলী পাঠকদের জন্য বইটি হতে পারে উপভোগ্য পাঠ।