তিন বন্ধু রাফসান, তুতুম ও ফারহান। তাদের গ্রামের শান্ত পরিবেশ হঠাৎই কেঁপে ওঠে জোড়া খুনের ঘটনায়। কয়েক দিনের ব্যবধানে ঘটে আরেকটি হত্যাকাণ্ড, যার প্রত্যক্ষদর্শী ফারহান নিজেই! রহস্য আরও ঘনীভূত হয় যখন জানা যায়, এই খুনের পেছনে রয়েছে যমজ সিরিয়াল কিলার।
খুনের রহস্য উদ্ঘাটনে নামে তুতুম ও ফারহান। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে, রাফসানের বাবা লিয়াকত চেয়ারম্যানও এই অপরাধের সঙ্গে জড়িত। কিন্তু এরপরই নিখোঁজ হয়ে যায় ফারহান। বন্ধুকে খুঁজতে গিয়ে তুতুম তার মামা ইশতিয়াক আহমেদ ও ছোট্ট কুকুর ভুতুকে সঙ্গে নিয়ে এক রাতে পৌঁছে যায় চেয়ারম্যানের রহস্যময় বাগানবাড়িতে। সেখানে গিয়ে তারাও আটকা পড়ে অপরাধীদের হাতে।
বন্ধুদের বিপদে এবার এগিয়ে আসে রাফসান। নিজের বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে বন্ধুদের উদ্ধার করা এবং অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার কঠিন চ্যালেঞ্জ নিতে হয় তাকে। কিন্তু সে কি পারবে এই বিপজ্জনক পরিস্থিতি সামাল দিতে? উন্মোচিত হবে কি জোড়া খুন ও ধারাবাহিক হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য?
রবিউল কমল-এর ‘ভয়ংকর বাগানবাড়ি’ কিশোর পাঠকদের জন্য রহস্য, গোয়েন্দাগিরি, ভয়, বিপদ ও রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারে ভরপুর একটি গল্প। বন্ধুত্ব, সাহস এবং সত্যের পক্ষে দাঁড়ানোর লড়াই বইটিকে করে তুলেছে কৌতূহলোদ্দীপক। রহস্য ও থ্রিলারপ্রেমী কিশোর-কিশোরীদের জন্য এটি হতে পারে দারুণ এক পাঠ-অভিজ্ঞতা।